খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে এক অভিনেত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে।
মামলায় নাটকের পরিচালক মো. নাছির (৩৫) ও তার সহযোগী মো. বাবর (৩২)-কে আসামি করা হয়েছে। অভিযোগপত্রে তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি।
অভিযোগপত্রে বলা হয়, গত রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকার মিরপুর থেকে শুটিংয়ের কথা বলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয় ওই অভিনেত্রীকে। সেখানে কক্ষে আটকে রেখে নাছির, বাবর ও আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে পালাক্রমে ধর্ষণ করেন।
এ সময় ভুক্তভোগীর ব্যবহৃত প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার একটি আইফোন রেখে দেন তারা। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মারধর করে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয় তাকে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এন