বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঢাকার দোহারের দক্ষিণ জয়পাড়া এলাকায় পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউল ইসলাম খান (মাসুম) এবং তাঁর পরিবারের বাসভবনে হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর শিকদারের বিরুদ্ধে। শনিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

মশিউল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমান রূপা অভিযোগ করেছেন, শনিবার বেলা ১১টার দিকে ৩০ থেকে ৪০ জন বহিরাগত তাঁদের বাসভবনে প্রবেশ করে। হামলাকারীরা তাঁদের ঘরবাড়ি ছাড়তে বলেন। এ সময় আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা হাটের খাজনার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পাশাপাশি, আলমগীর শিকদার ও তাঁর লোকজন পাশের দোকানদার এবং আরও দুটি বাড়িতে হুমকি দিয়ে দ্রুত জায়গা খালি করার দাবি জানান।

এই বিষয়ে দোহার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর শিকদার বলেন, মাসুম (মশিউল ইসলাম) ভাইয়ের বাড়ির জমিটা আমাদের। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা জমি দখল করে আছেন। আমি মাসুম ভাইকে বাড়ির কাগজ নিয়ে বসে সমাধানের কথা বলতে গিয়েছি। তিনি না থাকায় আমরা চলে যাই। তবে কোনো প্রকার হুমকি বা ভাঙচুর লুটপাট করা হয়নি।

ঘটনার বিচার চেয়ে মশিউল ইসলাম বলেন, ২০০১ সালে তাঁর বাবা স্থানীয় জহির উদ্দিন চেয়ারম্যানের কাছ থেকে জমিটি কিনেছেন। ৫ আগস্টের পর থেকে আলমগীর এ জমি দাবি করছেন। নানা সময় লোকজন এনে হুমকিও দিচ্ছেন।

আলমগীর শিকদার দাবি করেছেন, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো পদে নেই। তবে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ নিশ্চিত করেছেন, আলমগীর শিকদার দোহার উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এছাড়া দোহার পৌর বিএনপির সভাপতি এফ এম আবদুল কুদ্দুসও আলমগীরের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দোহার থানার একটি পুলিশ দল। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত দেখেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।