এনটিআরসিএ কার্যালয়ের সামনে নিয়োগবঞ্চিতদের অবস্থান, হট্টগোল

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে সফল হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন থেকে বঞ্চিত প্রার্থীরা সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সেখানে সৃষ্টি হয় উত্তেজনা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তারা অবস্থান শুরু করেন। আন্দোলনকারীরা সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গে দেখা করতে চাইলে ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় কর্মকর্তাদের সঙ্গে তাদের বিতর্ক বাঁধে। এতে হট্টগোল ছড়িয়ে পড়ে। দুপুর ১২টা পর্যন্ত তাদের কর্মসূচি চলছিল।

সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রায় দেড় শতাধিক নিবন্ধন সনদধারী অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। তারা দাবি তুলছেন আবেদনের সুযোগ দেওয়ার।

১৭তম নিবন্ধনে উত্তীর্ণ মো. জসিম বলেন, ‘সনদের মেয়াদ থাকা সত্ত্বেও বয়সসীমা দেখিয়ে আমাকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে দেওয়া হয়নি। এত কষ্ট করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি আবেদনেই সুযোগ না পাই, তবে এর কোনো মূল্য রইল না।’

আরেকজন উত্তীর্ণ প্রার্থী ইউসুফ আহমেদ ইমন অভিযোগ করে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে আমাদের আবেদন থেকে বঞ্চিত করা হয়েছে। বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্যপদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরব না।’

জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে এর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ২৮ ডিসেম্বর। প্রায় চার বছর ধরে প্রক্রিয়া চলায় এ সময়ে ৭৩৯ জন প্রার্থীর বয়স শেষ হয়ে যায়।

অন্যদিকে ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০২৩ সালের ২ নভেম্বর। দেড় বছরের বেশি সময় ধরে প্রক্রিয়া শেষে চূড়ান্ত ফল প্রকাশিত হয় ২০২৫ সালের ৪ জুন। এতে অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যায়।

সনদধারীদের অভিযোগ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ৬০ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। এগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করার জোর দাবি তুলেছেন ১৭ ও ১৮তম নিবন্ধনে উত্তীর্ণরা।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।