খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 16শে আশ্বিন ১৪৩২ | ১ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
পটুয়াখালীর গলাচিপায় ইলিশ মাছ চুরির সন্দেহে দুটি শিশুকে প্রকাশ্য স্থানে হাত-পা বেঁধে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনার সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য এবং একজন মাছ ব্যবসায়ীর জড়িত থাকার কথা জানা গেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকার নতুন স্লুইসগেট সংলগ্ন স্থানে এই অমানবিক ঘটনাটি ঘটে।
নির্যাতন শেষে শিশুদের হাতে মাছ ধরিয়ে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী দুই শিশুর একজনের বয়স ১০ বছর এবং অন্যজনের ১৪ বছর। তাদের একজনের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা গ্রামে এবং অপরজনের বাড়ি চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামে। নির্যাতনের শিকার হওয়ার পর এক শিশুকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে হয়েছে।
স্বজনদের ভাষ্যমতে, গত রবিবার রাতে শিশু দুটি স্থানীয় জেলে জয়নাল খাঁর সাথে নদীতে মাছ ধরতে গিয়েছিল। রাত গভীর হলে তারা নৌকায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি তাদের ধরে তার আড়তে নিয়ে যান। অভিযোগ ওঠে, তারা আড়ত থেকে প্রায় ১০টি ইলিশ মাছ চুরি করেছে। এরপর তাদের হাত-পা বেঁধে প্রহার করা হয় এবং দুপুরের কড়া রোদে বসিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়। এ সময় তাদের হাতে মাছ দিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
শিশুদের অভিভাবকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয় ইউপি সদস্য হাসান সরদার এবং ইমরান বয়াতি ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার ৫০০ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় স্বজনদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এরপর নির্যাতিত শিশুদের মুক্তি দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য হাসান সরদার বলেন, ‘শিশুরা ইমরানের আড়ত থেকে মাছ চুরি করেছিল। খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। পরে মাছের দাম বাবদ ক্ষতিপূরণ চাওয়া হয়। তাদের মারধর করা হয়নি।’
অন্যদিকে মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি জানান, ‘দু’জন আমার আড়ত থেকে মাছ চুরি করেছে। পালানোর চেষ্টা করলে তাদের হাত-পা বেঁধে রাখা হয়। এর আগেও তারা মাছ চুরি করেছিল, যা স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়েছিল। এবার প্রমাণ রাখার জন্য ছবি তোলা হয়েছে।’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খবরওয়ালা/টিএসএন