সুদের টাকার জেরে প্রাণ গেল গৃহবধূ শাহনাজের

চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন গৃহবধূ শাহনাজ বেগম ওরফে লাকি (৩৫)। 

বুধবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শাহনাজ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামের আমিনুল খানের স্ত্রী। তাঁর মৃত্যুর বিষয়টি ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ নিশ্চিত করেছেন।

গত শুক্রবার রাতে প্রতিবেশী নাছিমা বেগম (৪২) ও তাঁর সহযোগীরা সুদের টাকা নিয়ে বিরোধের জেরে শাহনাজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় নাছিমাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে নাছিমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে তা শোধ করেছিলেন শাহনাজ। পরে নাছিমা আবারও টাকা দাবি করলে বিরোধ বাধে। সেই বিরোধ থেকেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়।

আগুনে দগ্ধ হওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহনাজ মারা যান।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।