রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে।
বাসের চালক জানান, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত হাতের ইশারা দিয়ে বাস থামানোর নির্দেশ দেন। বাস থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামানো হয়। আতঙ্কিত যাত্রীরা নিজেদের সুরক্ষার জন্য বাস থেকে নেমে যান। এরপর দুর্বৃত্তরা বাসের সামনের কাঁচে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এবং বাসে আগুন ধরিয়ে দেন।
বাস কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, কয়েক দিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের কর্মীদের আহত করেছিলেন। তারা এই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মনে করছেন।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানিয়েছেন, সম্প্রতি এই বাস কোম্পানিতে কিছু কর্মী ছাটাই করা হয়েছিল। ক্ষুব্ধ হয়ে ছাটাই হওয়া কিছু কর্মী সম্ভবত এই ঘটনায় জড়িত থাকতে পারে। তিনি বলেন, “আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বাস ও যাত্রীদের সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নিয়েছে।
খবরওয়ালা/এমএজেড



