আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ, উদ্ধার ১৪ ককটেল

মুন্সিগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে গাজী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধরা হলেন সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লা (২৫)। তাদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাব্বির মোল্লা (২২) বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার জুমার নামাজে মসজিদে গেলে মোল্লা গোষ্ঠীর সাব্বিরকে মারধর করে প্রতিপক্ষ গাজী গোষ্ঠীর লোকজন। এ ঘটনার প্রতিবাদে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ব্যাপক ককটেল বিস্ফোরণও ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবিস্ফোরিত ১৪টি ককটেল উদ্ধার করে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলেন, ‘গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।’

মোল্লা গোষ্ঠীর চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল মোল্লা অভিযোগ করে বলেন, ‘গাজী গোষ্ঠীর লোকজন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। এতে আমাদের গোষ্ঠী আপত্তি জানালে তারা আমাদের ওপর হামলা চালায়, গুলি করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়।’

অন্যদিকে গাজী গোষ্ঠীর প্যানেল চেয়ারম্যান দেলোয়ার গাজী বলেন, ‘মসজিদের বাইরে দুই কিশোরের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। পরে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছিলাম। কিন্তু পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করা হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।