ইসলামী ব্যাংকের সেই ৫ হাজার কর্মকর্তার কর্মবিরতি ঘোষণা

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ৪০০ কর্মকর্তা ও ওএসডি হওয়া প্রায় পাঁচ হাজার কর্মকর্তার পক্ষ থেকে সর্বাত্মক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তারা।

কর্মকর্তারা জানান, আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে তারা অফিসে না গিয়ে কর্মবিরতি শুরু করবেন। চাকরিচ্যুতি ও ওএসডি প্রত্যাহার, অতীতের হামলার বিচার এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মো. হুমায়ুন সিকদার, এমদাদ হোসাইন ও মো. মোক্তার রসিদ। তারা বলেন, ‘চট্টগ্রামের প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা অভূতপূর্ব মানবিক সংকটে আছেন। এরই মধ্যে প্রায় ৪০০ জন কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে নিষ্ক্রিয় রাখা হয়েছে। এর আগে আমাদের ওপর হামলা হয়েছে, মারধর করা হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

লিখিত বক্তব্যে তারা দাবি জানান—

  • বিনা কারণে টার্মিনেট করা কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল
  • পরীক্ষার বয়কটের কারণে দেওয়া ‘পানিশমেন্ট ট্রান্সফার’ বন্ধ
  • গত সরকারের সময় প্রদত্ত ‘অবৈধ প্রমোশন’-এর তদন্ত
  • বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি
  • সব ধরনের অ্যাসেসমেন্ট টেস্ট শর্ত আরোপ করে চালানো বন্ধ
  • চট্টগ্রামের কর্মকর্তাদের ওপর নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি
  • বৃহত্তর চট্টগ্রামের সব কর্মকর্তাকে কর্মস্থলে ফেরানো

তারা বলেন, ‘আমরা এক সপ্তাহেরও বেশি সময় ধরে এসব দাবি জানিয়ে আসছি। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কিংবা সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়েই আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততদিন এই কর্মসূচি চলবে।’

গণমাধ্যমের উদ্দেশে তারা বলেন, ‘আমাদের দাবিগুলো অতিরঞ্জিত নয়—এটি মানুষের মৌলিক অধিকার, পরিবারের জীবিকার প্রশ্ন। আমাদের হাহাকার দেশের মানুষের কাছে পৌঁছে দিন। এটি শুধু আমাদের প্রতিবাদ নয়, এটি দেশের প্রতিটি কর্মজীবী মানুষের ন্যায়বিচারের আর্তনাদ।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।