‘ক্ষমতার লোভে ফতোয়া ঘুরিয়ে পূজামণ্ডপে জামায়াত’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘জামায়াত ক্ষমতার লোভে এবার দুর্গা মণ্ডপে গিয়েছে। সেখানে গিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। সামনে নির্বাচন, তাই ফতোয়া ঘুরিয়ে দিয়েছে। অথচ সারাজীবন বলে এসেছে- হিন্দুদের পূজায় যাওয়া গুনাহের কাজ। কিন্তু বিএনপি সব ধর্মের লোকদের নিয়ে রাজনীতি করে। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোতে হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে। বিএনপি জাতীয়তাবাদ ও গণতন্ত্রে বিশ্বাসী।’

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিক দলের সদর পশ্চিম শাখার আয়োজনে টুমচর আসাদ অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

খায়ের ভূঁইয়া বলেন, ‘বিএনপি সরকার আমলেই শ্রমিকদের মঞ্জুরি কমিশন, বেতন, উৎসব বোনাস, কর্মঘণ্টা নির্ধারণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। আর সেই আধুনিকায়নের ছোঁয়ায় সারাবিশ্বে এখন দেশের শ্রমিকদের চাহিদা বেড়েছে। যে যেখানে আছে সেখানে অবদান রাখতে সক্ষমতা অর্জন করেছেন। যার ফলে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় পাশে ছিল এবং আছে। আন্দোলন সংগ্রামেও শ্রমিকদের ভূমিকা ছিল। এ দেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধারাবাহিকতা বজায় রেখেছেন খালেদা জিয়া।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল করিম ভূঁইয়া মিজান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন, মহিউদ্দিন পাটোয়ারী বিটু, জামাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাকসুদুর রহমান, সেক্রেটারি জামাল উদ্দিন, যুবদলের সভাপতি মুক্তার হোসেন, শ্রমিক দলের দেলোয়ার হোসেন, ইউছুপ আলী প্রমুখ।

কর্মী সম্মেলনে পরবর্তী ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। এতে মঞ্জুর এলাহীকে আহ্বায়ক ও আবু সুফিয়ান শুভকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।