পাঁচতলা ভবনের এসির আউটডোরে আটকে গেল শিশু, অতঃপর…

চাঁদপুরের হাজীগঞ্জে একটি পাঁচতলা ভবনের বাইরে এসির আউটডোরে আটকা পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মো. রায়হান (১০) নামের ওই শিশুকে উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়ল, তা এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, হাজীগঞ্জ পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ড টোরাগড় এলাকার তালুকদার বাড়ির সম্মুখে একটি পাঁচতলা ভবনে আল ইহসান মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী রায়হানকে মাদ্রাসার চতুর্থ তলার এসির আউটডোরে দাঁড়িয়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান।

পাঁচতলা ভবনের ছাদ থেকে দড়ি বেয়ে একজন ফায়ার সার্ভিস কর্মী ধীরে ধীরে নেমে শিশুটির কাছে পৌঁছান। এরপর তিনি শিশুটিকে দড়ি দিয়ে বেঁধে আবার ছাদের দিকে ওঠেন। তখন ছাদে থাকা অন্য কর্মীরা শিশুটিকে কোলে তুলে নিরাপদ স্থানে নিয়ে যান। শিশুটির আটকে পড়া ও উদ্ধার কার্যক্রম দেখতে ভবনের সামনে ভিড় জমে যায়।

রায়হানকে উদ্ধার করে শিশুটির মা মাহমুদা বেগম এবং মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মো. আরিফ বিল্লাহর কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির মা মাহমুদা বেগম জানান, পবিত্র কোরআন মাজিদের ১৮ পারার হাফেজ আমার ছেলে রায়হান। এর আগেও সে যে মাদ্রাসায় পড়েছে, সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজও সে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নামতে না পেরে চতুর্থ তলায় এসির আউটডোরে দাঁড়িয়ে থাকে।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন বলেন, রায়হানকে দুই দিন আগে হিফজ বিভাগে ভর্তি করা হয়েছে। আজ সে পালানোর চেষ্টা করে এসির আউটডোরে আটকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করেন। শিশুটিকে তার মা বাড়িতে নিয়ে গেছেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদ্রাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়ল, তা কেউ বলতে পারেনি। এই ধরনের আবাসিক মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ করছি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।