বান্দরবানে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেপ্তার

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় লোকজন এক কিশোরসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক তিনজন নিজেদের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে পরিচয় দিয়েছেন। তাঁরা গভীর রাতে তংগোঝিরি ত্রিপুরাপাড়ায় গিয়ে এক পরিবার থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন।

স্থানীয়রা জানান, চারজন তরুণ ওই রাতে লামা-সুয়ালক সড়ক হয়ে পাড়ায় প্রবেশ করে। পাড়ার বাগানের মালিক মাসাইয়া ত্রিপুরার কাছে প্রথমে এক লাখ এবং পরে ৫০ হাজার টাকা দাবি করেন তাঁরা। টাকা দিতে অস্বীকার করলে এলাকাবাসী জড়ো হয়ে তিনজনকে আটক করে, তবে একজন পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন বান্দরবান সদর ইউনিয়নের উজিমুখ হেডম্যাপাড়ার চ হ্রী মারমার ছেলে বুইক্য মারমা (৩৬), আলীকদমের রেফারফাড়ি এলাকার মেনওয়াই ম্রোর ছেলে মেনয়ুক ম্রো (৩৫) এবং রাঙামাটির কাপ্তাই এলাকার ১৪ বছরের এক কিশোর।

তংগোঝিরিপাড়ার কার্বারি হানাসিং ত্রিপুরা বলেন, ‘তাঁরা মাসাইয়া ত্রিপুরার কাছ থেকে চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন। এরপর পাহাড়ি ও বাঙালিরা মিলে তিনজনকে আটক করে পুলিশে দেয়।’

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, মাসাইয়া ত্রিপুরা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। আটকরা ইউপিডিএফের সদস্য পরিচয় দিয়েছেন, তবে তাঁরা মূল ইউপিডিএফ নাকি ইউপিডিএফ–গণতান্ত্রিক—তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের রোববার আদালতে পাঠানো হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।