চেয়ারে থাকা অবস্থায় নতুন মহাপরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি, পদত্যাগ করলেন মহাপরিচালক

চেয়ারে থাকা অবস্থায় নতুন মহাপরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি জারি—এমন নজিরবিহীন ঘটনায় গভীরভাবে অপমানিত বোধ করে পদত্যাগ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান।

মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর এক লিখিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

চিঠিতে অধ্যাপক আজাদ খান উল্লেখ করেছেন, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তিনি মাউশির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এবং এখন পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন করা তার জন্য ক্রমেই কষ্টসাধ্য হয়ে উঠেছে। সে কারণেই তিনি স্বেচ্ছায় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র জানায়, পদত্যাগপত্রের সঙ্গে তিনি চিকিৎসা-সংক্রান্ত চারটি কাগজপত্রও সংযুক্ত করেছেন।

তবে মাউশির অভ্যন্তরীণ একাধিক সূত্র জানিয়েছে, স্বাস্থ্যগত কারণ ছাড়াও হঠাৎ করে নতুন মহাপরিচালক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়াই অধ্যাপক আজাদ খানের পদত্যাগের মূল প্রেক্ষাপট। সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় মাউশির নতুন মহাপরিচালক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

মাউশির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “একজন মহাপরিচালক দায়িত্বে থাকা অবস্থায় নতুন ডিজি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা মাউশির ইতিহাসে নজিরবিহীন। এটা বিদ্যমান মহাপরিচালকের জন্য এক ধরনের অপমান। এজন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা জেনেছি।”

অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান মূলত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাউশির মহাপরিচালক হিসেবে যোগ দেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই শিক্ষাবিদ দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এখনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।