পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, দুই পুলিশ আহত

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ লিটন মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে বকশীগঞ্জের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া লিটন মিয়াসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহাম্মেদ (৩২) ও পুলিশ সদস্য আমিরুল ইসলাম (৫৩)। আহত দুজনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটককৃতরা হলেন, বকশীগঞ্জের সওদাগর পাড়া এলাকার সুরুজ আলী কসাইয়ের ছেলে মাদক কারবারী লিটন মিয়া (৪৫), পটল মিয়ার ছেলে রিপন মিয়া (২০), সুরুজ আলী কসাইয়ের স্ত্রী ফিরোজা বেগম (৫৫), লিটন মিয়ার ছেলে সিয়াম মিয়া (২২) ও একই এলাকার শামীম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সওদাগর পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তাকে হাতানাতে আটক করা হয়। লিটন মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা আটক লিটন মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। এতে পুলিশের এসআই রাসেল আহম্মেদ ও পুলিশ সদস্য আমিরুল ইসলাম গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। ওই রাতেই অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে পুলিশ।

বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় লিটন মিয়াসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।