খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত অপর এক শিক্ষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে পবা উপজেলার নওহাটা আনসার–ভিডিপি ক্যাম্পের কাছাকাছি নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিব শংকর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশার সঙ্গে একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই শিব শংকর রায় মারা যান। গুরুতর আহত অবস্থায় অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
ওসি মনিরুল ইসলাম জানান, দুই শিক্ষক মোটরসাইকেলে যাচ্ছিলেন। তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছেন, নাকি অন্য কোনো যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে—তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। পুলিশ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে দেখছে। ঘটনাস্থলেই অধ্যাপক শিব শংকর রায় মারা যান এবং গুরুতর আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশাকে হাসপাতালে পাঠানো হয়।
নওহাটা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোর ৫টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে একজনকে মৃত এবং আরেকজনকে আহত অবস্থায় পাই। দ্রুত আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, অধ্যাপক শিব শংকর রায়কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশা বর্তমানে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, তিনি হাসপাতালে গেছেন। দুই শিক্ষক আজ ভোরে মাছ ধরতে বেরিয়েছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত শোকের একটি দিন।
খবরওয়ালা/টিএসএন