কলকাতার সিনেমা বাদ দেওয়ার কারণ জানালেন তানজিন তিশা

দুই মাস আগে শোনা গিয়েছিল, টালিউডের একটি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশার। ‘ভালোবাসার মরশুম’ নামের সেই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয়ের কথা ছিল বলিউড অভিনেতা শারমন যোশির। সিনেমাটি পরিচালনা করছেন এম এন রাজ। একই সময়ে খবর আসে, তিশা বাংলাদেশের বড় বাজেটের সিনেমা ‘সোলজার’-এ কাজের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে নায়ক শাকিব খান। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত করা হয়েছে—‘সোলজার’-এর নায়িকা হচ্ছেন তানজিন তিশা।

প্রথমে দুই ছবির শুটিংয়ের সময় প্রায় একসঙ্গে পড়ায় তিশার সামনে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত তিনি নিজের দেশের চলচ্চিত্রকেই প্রাধান্য দেন। ফলে ‘ভালোবাসার মরশুম’ থেকে সরে এসে তিনি ‘সোলজার’-এ যুক্ত হন। তানজিন তিশা বলেন, ‘দুই ছবির শুটিং সময়সূচি একই ছিল। আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ করতে। আর শাকিব খানের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।’

এর আগেও তানজিন তিশার শাকিব খানের সঙ্গে ‘প্রেমিক’ সিনেমায় অভিনয়ের কথা ছিল। রায়হান রাফি পরিচালনা করার কথা ছিল সেই সিনেমাটি, তবে সেটির কাজ শুরু হয়নি। অবশেষে ‘সোলজার’-এর মাধ্যমে সেই বহু প্রতীক্ষিত জুটি বাস্তবায়িত হচ্ছে।

ভারতের সিনেমায় অভিনয়ের জন্য তানজিন তিশার ভিসা প্রয়োজন ছিল। কিন্তু শুটিংয়ের সময় ঘনিয়ে এলেও তিনি ভিসা পাননি। পরে আর আবেদনও করেননি। কারণ জানাতে গিয়ে তিশা বলেন, ‘আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে দেশ আগে। তাই ‘সোলজার’-ই আমার প্রথম পছন্দ।’

এরই মধ্যে ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছে, যেখানে অংশ নিয়েছেন তানজিন তিশা। আগামী ১১ অক্টোবর তিনি প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন। দেশপ্রেমের গল্পে নির্মিত এই সিনেমার পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন, ছবিটি মুক্তি পাবে বছরের শেষ দিকে অথবা আগামী বছরের দুই ঈদের মধ্যবর্তী কোনো সময়ে।

পরিচালক সাকিব ফাহাদ বলেন, ‘দিনের শেষে আমাদের গল্পটা আশার—যত বাধা আসুক না কেন, আমরা আশাবাদী থাকব—এই বার্তাই ছবিতে তুলে ধরা হবে।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।