খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫
গাজার যুদ্ধবিধ্বস্ত অবস্থা পুনর্গঠনে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইসরায়েলের শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি। দেশটি জানিয়েছে, তারা গাজার পুনর্গঠনে প্রায় তিন কোটি ডলার দেবে এবং এ লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনেরও উদ্যোগ নিচ্ছে।
শুক্রবার (১০ অক্টোবর) জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, মিশরের সঙ্গে যৌথভাবে গাজার পুনর্গঠনের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করছে বার্লিন। তিনি জানান, এই সম্মেলনের মূল লক্ষ্য হবে গাজার সবচেয়ে জরুরি চাহিদাগুলো পূরণ করা—যেমন পানি ও জ্বালানির সরবরাহ পুনঃস্থাপন এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা।
জার্মান উন্নয়ন মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, গাজায় ক্ষতিগ্রস্তদের অস্থায়ী আশ্রয়ের জন্য বার্লিন দ্রুতই ৮৫০টি অস্থায়ী বাসস্থানের ইউনিট সরবরাহ করতে পারে। এর মধ্যে ৫০টি ইউনিট ইতোমধ্যে রামাল্লায় রয়েছে, যা দ্রুত গাজায় পাঠানো সম্ভব। তিনি বলেন, গাজার প্রায় ৯০ থেকে ৯২ শতাংশ ভবনই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, তাই আশ্রয়ের ব্যবস্থা এখন সবচেয়ে জরুরি বিষয়।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির কাঠামো অনুমোদন করেছে ইসরায়েলি সরকার।
চ্যান্সেলর মের্জ বলেন, ‘এই চুক্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে। জার্মান নাগরিকসহ সব বন্দিকে তাদের পরিবারের কাছে ফিরতে দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘গাজার মানুষের কাছে দ্রুত মানবিক সহায়তা পৌঁছাতে হবে।’
এ সময় মের্জ ঘোষণা দেন, গাজা পুনর্গঠনে জার্মানি অতিরিক্ত ২ কোটি ৯০ লাখ ইউরো (প্রায় ৩ কোটি ৩৬ লাখ ডলার) মানবিক সহায়তা দেবে। পাশাপাশি, মুক্ত বন্দিদের চিকিৎসা ও মানসিক পুনর্বাসনেও সহায়তা করবে দেশটি।
গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলি সেনারা গাজা শহর ও খান ইউনুসের কিছু অঞ্চল থেকে সরে যেতে শুরু করেছে। সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির জানান, ‘ইসরায়েলি বাহিনী গাজা শহরের কয়েকটি অঞ্চল থেকে সরে গেছে, পাশাপাশি খান ইউনুসের দক্ষিণাংশ থেকেও সেনা সরিয়ে নেওয়া হয়েছে।’
খবরওয়ালা/এন