খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৩ই অক্টোবর ২০২৫, ৮:৫৫ পিএম
দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে নিজের অসন্তোষের কথা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন মো. ফিরোজ আলমগীর।
সোমবার (১৩ অক্টোবর) দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে তার পদত্যাগপত্র ছড়িয়ে পড়েছে।
পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর উল্লেখ করেছেন, সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন কার্যক্রম, সিদ্ধান্ত ও অবস্থান বিপ্লবের আদর্শের সাথে সাংঘর্ষিক বলে মনে করছি। এছাড়াও চিহ্নিত আওয়ামী নেতা-কর্মীদের দলে নেওয়ার বিষয়ে আপনারা যে নীতি পোষণ করছেন বা সাপোর্ট করছেন সেটি আমার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের বিপরীত। যা আমাকে হতাশ করেছে।
তিনি লিখেছেন, আশা করেছিলাম একটি বিপ্লব পরবর্তী সময়ে এনসিপি একটি নতুন ধারার রাজনীতি নিয়ে আসবে। কিন্তু বর্তমান সময়ে এনসিপি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে। যা আমাকে মর্মাহত করেছে। আশা করবো এনসিপি বিগত আন্দোলনে শহীদ পরিবারগুলোর, আহতদের কথা বুঝতে চেষ্টা করবে। তারা কি চেয়েছিল, কেমন দেশ দেখতে চায় তা গুরুত্ব দিয়ে শুনার চেষ্টা করবে। শুধুমাত্র কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালনার মানসিকতা পরিহার করে আন্দোলনে আহতদের এবং জেলা পর্যায়ের জনমতের পরামর্শ কেন্দ্রিক কাজ করবে। বর্তমানে এনসিপির কর্মকান্ডের সাথে আর সংযুক্ত থাকতে পারছিনা এবং এনসিপির সকল কার্যক্রম থেকে পদত্যাগ করছি।
জানতে চাইলে ফিরোজ আলমগীর সোমবার সন্ধ্যায় দল থেকে পদত্যাগের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি পদত্যাগপত্র কেন্দ্রে পাঠিয়েছি। পদত্যাগপত্রে কারণ উল্লেখ করেছি।
এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী গণমাধ্যমকে বলেন, ‘দলের জেলার প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। আমি বিষয়টি জেনেছি। তবে দলীয়ভাবে তার সাথে এখনো কথা হয়নি।’
খবরওয়ালা/এসআর
মন্তব্য