খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও তথ্য উপদেষ্টার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে চাকরি ও দলীয় পদ দুটিই হারিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদ। পদ ও চাকরি হারানোর পর তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের বিরুদ্ধে ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে মাহবুব আলম অভিযোগ অস্বীকার করে বলেন, মুনতাসির তাঁর বিরুদ্ধে ‘মনগড়া ও ভিত্তিহীন’ বক্তব্য দিচ্ছেন।
সূত্র জানায়, গত রোববার দুপুরে মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসনের অভিযোগ তুলে চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ করেন মুনতাসির মাহমুদ। এনসিপি তাকে আন্দোলন থেকে বিরত থাকতে বললেও তিনি নির্দেশ অমান্য করে বিক্ষোভ অব্যাহত রাখেন।
এরপর সন্ধ্যায় রেড ক্রিসেন্টের বোর্ড সভায় মুনতাসিরকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সময় এনসিপি তাকে দলীয় পদ থেকেও অব্যাহতি দেয় এবং বিষয়টি ফেসবুকে প্রকাশ করে।
জানা গেছে, জুলাই আন্দোলনের পর মুনতাসির রেড ক্রিসেন্টে উপপরিচালক পদে অস্থায়ীভাবে নিয়োগ পান। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম সংস্থাটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বোর্ড সভা শেষে মাহবুব আলম রেড ক্রিসেন্ট ভবন থেকে বের হওয়ার সময় মুনতাসিরের অনুসারীরা তাকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।
ঘটনার পর ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে মুনতাসির লেখেন,“সে (মাহবুব) প্রতিশ্রুতি দিয়ে যায় যে সে মাহফুজ ভাইকে বোঝাবে, আজকেই চেয়ারম্যান পদত্যাগ করবে। কিন্তু কিছুক্ষণ পরই অতিরিক্ত পুলিশ আসে, ডিসি আমাকে চাপ দেন, পরে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়। যা–ই হোক, জুলাইয়ের গাদ্দার ভাই আজ সফল—আসলেই আমার চাকরি খেয়ে দিছে, দল থেকে অব্যাহতি দেওয়াইছে, পুলিশ দিয়ে মাইর খাওয়াইছে। আমি আমার ভাইয়ের হেদায়েতের জন্য দোয়া করি।”
খবরওয়ালা/এমএজেড