‘চাঁদা না পাওয়ায়’ রাস্তা বন্ধ করলেন বিএনপির দুই নেতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

অভিযুক্তরা হলেন মো. নুরুজ্জামান ব্যাপারী ও আশিকুর রহমান। তাঁরা নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামের বাসিন্দা। নুরুজ্জামান ব্যাপারী নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আশিকুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী কমিটির সদস্য। লিখিত অভিযোগকারী স্বপন প্রধানের বাড়িও একই গ্রামে।

লিখিত অভিযোগে স্বপন প্রধান বলেন, ১৫ বছর ধরে নারায়ণপুর থেকে সারপাড় গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে আশপাশের গ্রামের মানুষ যাতায়াত করেন। গত শনিবার নুরুজ্জামান ও আশিকুর তাঁর গ্রামের মুন্সী বাড়ি ও প্রধানীয়া বাড়ির লোকজনকে ডেকে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে অপারগতা জানালে ওই দুই নেতা নারায়ণপুর-সারপাড় সড়কে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন। এতে স্থানীয় লোকজন উপজেলা সদর ও আশপাশের এলাকায় যেতে পারছেন না। রাস্তার বেড়া সরাতে বললে হুমকিও দেওয়া হয়।

স্বপন প্রধান আরও অভিযোগ করেন, গত বছরও ওই দুই নেতা গ্রামবাসীর কাছ থেকে জোরপূর্বক ৩০ হাজার টাকা চাঁদা আদায় করেছিলেন। এবার চাঁদা না দেওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে তাঁকেসহ এলাকার লোকজনকে হুমকি দিচ্ছেন। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে নুরুজ্জামান ব্যাপারী ও আশিকুর রহমান জানান, তাঁরা কারও কাছ থেকে চাঁদা চাননি। কৌশলগত কারণে রাস্তাটি বন্ধ করেছেন। কী ধরনের কৌশল, জানতে চাইলে তাঁরা বলেন, গ্রামবাসীর সঙ্গে তাঁদের ‘বোঝাপড়া’ আছে।

রাস্তাটি বন্ধের প্রতিবাদে গতকাল দুপুরে সারপাড় গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা দ্রুত বেড়া খুলে চলাচল স্বাভাবিক করার দাবি জানান এবং তা না হলে আরও কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন। সমস্যার সমাধানের জন্য আজ বুধবার বিকেলে দুই পক্ষকে তাঁর কার্যালয়ে ডেকে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।