প্রকাশ্যে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী রাসেল ও ফয়সাল বাহিনীর প্রধান রাসেলসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার একটি ভাড়াটিয়া ভবনে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাসেল হাওলাদার (৩০) শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের মৃত হাশেম হাওলাদারের ছেলে, সাখাওয়াত ব্যাপারী (২৮) একই গ্রামের আহসান ব্যাপারীর ছেলে ও তারেক খানকে (৩০) উপজেলার পাটাভোগ গ্রামের সেলিম খানের ছেলে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ফেসবুকে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ভাইরাল হলে তা জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়। এরপর পুলিশ বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত হয় যে, ঘটনাস্থল জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর পাশের পুকুরপাড়। একই সঙ্গে জানতে পারে, অস্ত্র হাতে যাঁরা ছিলেন, তাঁরা ম্যাগনেট রাসেল ও তাঁর সহযোগী অর্পণ ও আহির।

পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার ম্যাগনেট রাসেলের ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে রাসেলসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ভিডিওধারণ ও অস্ত্র প্রদর্শনের বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধারে ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জনশূন্য একটি স্থানে দাঁড়িয়ে আছেন চার যুবক। তাঁদের মধ্যে দুজনের হাতে দুটি পিস্তল। একজনকে পিস্তল দেখিয়ে বলতে শোনা যায়, ‘দামি কিন্তু এইডা, দুইডা দিয়া শট করমু।’ জবাবে অন্যজন বলেন, ‘দুইডা দিয়া শট করা যাইব না, একটা দিয়া শট করতে হইব। গুল্লি রেয়ার, পাওয়া যায় না।’ একজন বলেন, ‘লকটা খুলে টিপ দিলেই গুলি বের হইব।’ এ সময় পিস্তল হাতে নিয়ে আকাশের দিকে গুলি করার চেষ্টা করেন একজন। কীভাবে গুলি করতে হবে, পাশ থেকে বলছিলেন আরেক যুবক।

 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।