আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পৌঁছাতে তুরস্ক থেকে রওনা দিয়েছে ১৭তম ‘গুডনেস শিপ’। দেশটির মেরসিন বন্দর থেকে ৯০০ টন ত্রাণ নিয়ে জাহাজটি মিশর হয়ে গাজার কেরেম আবু সালেম সীমান্তে পৌঁছাবে।
দুই বছর ধরে চলা হামাস-ইসরাইলের সংঘাতের মধ্যে তুরস্ক ইতিমধ্যে ১৬টি জাহাজ এবং ১৪টি বিমানযোগে গাজায় ত্রাণ পৌঁছে দিয়েছে। এবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরিকল্পনা কার্যকর হওয়ার পর ১৭তম জাহাজটি গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং মিশরীয় রেড ক্রিসেন্টের যৌথ সহযোগিতায় মানবিক সহায়তাকারী জাহাজটি গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রায় ১৭টি বেসরকারি সংস্থার অংশগ্রহণে পাঠানো জাহাজে রাখা হয়েছে খাদ্য, টিনজাত পণ্য ও শিশুখাদ্যসহ নানা প্রয়োজনীয় সামগ্রী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ আমাদের জাহাজ গাজার পথে। ৯০০ টন খাদ্য, টিনজাত খাবার ও শিশু খাদ্যবাহী জাহাজটি ইনশাআল্লাহ খুব শিগগিরই মিশর হয়ে গাজায় পৌঁছাবে।
কর্তৃপক্ষ আরও জানায়, এল-আরিশ বন্দর থেকে সরাসরি গাজার কেরেম আবু সালেম সীমান্তে পৌঁছাবে সহায়তা, যা যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের মৌলিক খাদ্য ও শিশুস্বাস্থ্য চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।
গাজায় যুদ্ধবিরতির পর তুরস্কের এই ‘গুডনেস শিপ’ কেবল মানবিক সহায়তা নয়, উপত্যকাটিতে আশার প্রতীক হয়ে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
খবরওয়ালা/শরিফ