ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর জানা গেলো তিনি হত্যা মামলায় পলাতক

ধর্ষণ ও নারী হত্যা মামলার আসামি মো. রুহুল মিয়া ওরফে রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগের একটি টিম।

বুধবার (১৫ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন এ তথ্য জানান। এর আগে গত ১২ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জসিম উদ্দীন বলেন, গত ৩ মার্চ ঢাকার পল্লবী থানার সেকশন-৬ ব্লক-ডি এলাকার এক বাসার সামনে থেকে ১৯ বছর বয়সী এক তরুণীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে অপহরণ করা হয়। সেখানে আসামি রুহুল অন্য সহযোগী আসামিদের সহায়তায় তাকে আটকে রেখে ১২ দিন ধর্ষণ করে বলে ভিকটিম জানিয়েছেন।

১২ দিন নির্যাতনের পর ভিকটিম কৌশলে আসামি রুহুল মিয়ার মোবাইল ফোন ব্যবহার করে তার মায়ের মোবাইল নম্বরে কল করেন এবং নিজের অবস্থান ও বিপদগ্রস্ত অবস্থার কথা জানান।

জসিম উদ্দীন আরও বলেন, এরপর ভুক্তভোগীর মা ১৫ মার্চ দুপুরে অজ্ঞাত স্থান থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। এ ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটি পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগে তদন্তের জন্য হস্তান্তর করা হয়।

তিনি বলেন, সিআইডি মাঠতদন্ত ও প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হয় প্রধান আসামি রুহুল মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিমের একটি বিশেষ টিম ১২ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, রুহুল মিয়া ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তার রুহুল মিয়া সিলেটের বালাগঞ্জ থানায় হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। ওই হত্যা মামলায় অভিযোগপত্র দাখিলের পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং ঢাকায় আত্মগোপনে থেকে নতুন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন।

ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য সহযোগী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান বলেও জানায় সিআইডি।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।