খবরওয়ালা বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
সাহসী মন্তব্য করে আবারও আলোচনায় এলেন পাকিস্তানি অভিনেত্রী ও মডেল সাঈদা ইমতিয়াজ। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নীরবতা ভেঙে তিনি বলেন, ‘বেশিরভাগ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত।’ তার এই খোলামেলা বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ একে সত্যের উচ্চারণ বলছেন, আবার কেউ বা সমালোচনার ঝড় তুলেছেন তাকে ঘিরে।
সাক্ষাৎকারে বিয়ে, বিশ্বস্ততা ও পছন্দের জীবনসঙ্গী নিয়ে অকপট মতামত দেন সাঈদা। তিনি বলেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজ আমার কাছে ভয়ঙ্কর লাগে। বিয়ের আগে দুইজন মানুষের মধ্যে বোঝাপড়া ও মানসিক মিল থাকা অত্যন্ত জরুরি।’
নিজের বিবাহ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে সাঈদা ইমতিয়াজ বলেন, ‘আমি লাভ-কাম-অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী। তবে পাকিস্তানি নয়, আমি একজন বিদেশিকে বিয়ে করতে চাই।’
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমার মতে, অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত। তবে অন্যান্য দেশের পুরুষদের মধ্যে এই প্রবণতা তুলনামূলকভাবে অনেক কম। আমার ভাই-বোনেরা নিউইয়র্কে থাকে, যেখানে একাধিক বিয়ে করার অনুমতি নেই।’
সমাজের নৈতিক অবক্ষয়ের উদাহরণ টেনে সাঈদা বলেন, ‘আমি এমন ঘটনাও শুনেছি, যেখানে এক নারী নিজের বোনের বাগদত্তাকে বিয়ে করেছে। নারীদের উচিত বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক না রাখা, যাতে অন্য নারীর সংসার নষ্ট না হয়।’ বিবাহিত পুরুষদের কাছ থেকে মেসেজ পেলে কী করেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘যদি কোনো বিবাহিত পুরুষ আমাকে মেসেজ করে, আমি সতর্ক করে দিই—আমাদের কথোপকথনের স্ক্রিনশট তার স্ত্রীর কাছে পাঠাব। সাধারণত এরপর তারা সরে যায়।’
কাশ্মীরি-আমেরিকান পরিবারে জন্ম সাঈদার। সংযুক্ত আরব আমিরাতে তার জন্ম হলেও তিনি বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে। মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন তিনি।
২০১২ সালে দ্বিভাষিক পাকিস্তানি চলচ্চিত্র ‘কাপ্তান: দ্য মেকিং অব আ লিজেন্ড’-এ অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এতে তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা খানের চরিত্রে অভিনয় করেন।
খবরওয়ালা/টিএসএন