খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৯, চট্টগ্রাম বিভাগে ১১৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯, খুলনা বিভাগে ৫৫, ময়মনসিংহ বিভাগে ৩৩, রাজশাহী বিভাগে ৬৩, রংপুর বিভাগে ২৩ ও সিলেট বিভাগে দুইজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই পুরুষ। তাঁদের মধ্যে একজন ঢাকা, একজন ময়মনসিংহ ও দুজন রাজশাহী জেলার বাসিন্দা। বয়স যথাক্রমে ৬৫, ৪০, ৭০ ও ৩২ বছর।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৭৯১ জন। জানুয়ারিতে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪, আগস্টে ১০ হাজার ৪৯৬, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ ও অক্টোবরে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১৩ হাজার ৪৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৮৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৫৭ হাজার ৭০২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরে ৭৬ ও অক্টোবরে এখন পর্যন্ত ৫১ জন মারা গেছেন। মার্চে কারও মৃত্যু হয়নি।