বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে এবার ফায়ার সার্ভিসের কমিটি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার সোমবার এক বার্তায় জানান, কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেইন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত এই কমিটিতে বাহিনীর আরও চার কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। তারা হলেন— ফায়ার সার্ভিস ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান, কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন, ঢাকা-১৯ এর ওয়্যারহাউজ পরিদর্শক মো. তোজাম্মেল হোসেন ও ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।

গত শনিবার দুপুরে শাহজালালের আমদানি কার্গো ভিলেজে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, পুলিশ, আনসার, র‌্যাব, এপিবিএন, বিমান বাহিনী ও নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় রাত ৯টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার বিকেলে আগুন পুরোপুরি নেভানোর কথা জানিয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেইন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, শনিবার আগুন লাগার খবর পেয়ে আমরা একে একে ৩৭টা ইউনিট এখানে অক্লান্ত পরিশ্রম করে, শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ৪টা ৫৫ মিনিটে (রোববার) এটা সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করেছি।

এদিকে, সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সরকার একটি ‘কোর কমিটি’ গঠন করেছে। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে গঠিত সাত সদস্যের এই কমিটিকে আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।