খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর ২০২৫
নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার উল্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
দেশটির দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামে কাচা-আগাই সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে যায় এবং তেল ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের লোকজন তেল সংগ্রহ করতে ছুটে আসে। কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও সাংবাদিকদের বলেন, বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।
ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু জানান, উদ্ধারকাজ এখনও চলছে। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। এই দুঃখজনক ঘটনায় ব্যস্ত ওই মহাসড়কে মারাত্মক যানজট তৈরি হয়েছে, বিশেষ করে সড়কের খারাপ অবস্থার কারণে।
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
খবরওয়ালা/এমইউ