আ.লীগ ও জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা দিবস উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, “বিএনপি-জামায়াতকে নিয়ে এই সরকার নির্বাচন করার চেষ্টা করছে। কিন্তু দেশের অর্ধেক মানুষকে বাদ দিয়ে একটি ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এই অবস্থায় কোনো নির্বাচন হবে না। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দেওয়া যায় না। দলকে বাদ দিতে হলে তাদের মামলায় দোষী সাব্যস্ত করতে হবে। যারা খারাপ করেছে, তাদেরই বাদ দেওয়া সম্ভব।”

সরকারের বিরুদ্ধে কথা বললে জাতীয় পার্টিকে নানা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন জি এম কাদের। তিনি বলেন, “দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনাকে বিশ্বের বড় প্রতিষ্ঠান সমর্থন করেছিল, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারেনি। দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।”

বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ না দাবি করে তিনি বলেন, “এই সরকার একটি দলের হয়ে কাজ করছে। দেশের আইনশৃঙ্খলা এত খারাপ অবস্থায় কখনো ছিল না। মানুষের জীবন, বাড়িঘর, ব্যবসা—সবই নিরাপদ নয়। মহিলাদের অসম্মান হচ্ছে, প্রতিদিন মানুষ খুন হচ্ছে।”

জিএম কাদের দেশের অর্থনৈতিক ও সামাজিক সংকটের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “দেশে বিনিয়োগ বন্ধ, ছোট ব্যবসা বন্ধ হচ্ছে, লাখ লাখ মানুষ বেকার হচ্ছে। দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে।”

এসময় জাতীয় পার্টার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় ঐকমত্যের অভাব দেশকে বিভাজিত করছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়। সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার।”

তিনি আরও ঘোষণা দেন, “জাতীয় পার্টিকে বাদ দিয়ে যদি নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, তা আমরা প্রতিহত করব।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।