খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে হাবিবুর রহমান খোকন (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের সেউজগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত হাবিবুর রহমান খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ইসকন মন্দিরের সামনে হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে যান। তারা গিয়ে দেখেন, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে খোকনের ওপর হামলা চালাচ্ছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ—একটি হিরো কোম্পানির হাংক ও অন্যটি বাজাজ পালসার এনএস মডেল।
ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
ওসি হাসান বাসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
খবরওয়ালা/টিএসএন