খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। টালিউড তারকা কোয়েল মল্লিকের আমন্ত্রণে ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে তিনি সেখানে গেছেন। একসময় দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফারিণ, কিন্তু সেটি হারিয়ে ফেলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘স্বার্থপর’ দেখে আফসোস প্রকাশ করেন তিনি এবং প্রশ্ন তোলেন— কেন এমন মানসম্মত সিনেমা বেশি তৈরি হয় না।
তাসনিয়া বলেন, গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছিলাম। এবার অনেক দিন পর আসায় খুব ভালো লাগছে। সবার সঙ্গে দেখা করছি, ঘুরছি এবং পছন্দের খাবার খাওয়ার চেষ্টা করছি।
কলকাতায় কালীপূজা শেষ ও ভাইফোঁটার উদযাপন চলছে— এ প্রসঙ্গে তিনি বলেন, এয়ারপোর্ট থেকে আসার সময় দেখেছি শহরজুড়ে আতসবাজি আর আলোর ঝলকানি। খুব ভালো লেগেছে।
তিনি জানান, আরও আগেই কলকাতা আসার কথা ছিল, কিন্তু ভিসা না পাওয়ায় বিলম্ব হয়। দেবের সিনেমায় অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়। এখন ভিসা সমস্যার সমাধান হয়েছে। অনেক দিন ধরে কাজের আলোচনা চলছে, তাই দেখা করতে এবং ঘুরতেও এসেছেন।
অনিরুদ্ধ রায়চৌধুরীর পরবর্তী ছবিতে তার ও চঞ্চল চৌধুরীর অংশগ্রহণ প্রসঙ্গে তাসনিয়া বলেন, এখনো নিশ্চিত নই, তবে টোনিদার (অনিরুদ্ধ) সঙ্গে কাজের জন্য মুখিয়ে আছি। চঞ্চলদা থাকবেন কিনা জানি না।
বাংলাদেশের অবস্থা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ ভালো আছে, ভালো ভালো কাজ হচ্ছে। সিনেমার বাজেট বেড়েছে, যদিও সিনেমা হলের সংখ্যা এখনও সীমিত। সব মিলিয়ে পরিস্থিতি ইতিবাচক।
রাজনীতি প্রসঙ্গে প্রশ্নে ফারিণ বলেন, আমি রাজনীতি মনস্ক নই এবং এ বিষয়ে কিছু বলতে চাই না।
‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ সিরিজে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ফারুকীর রাজনীতি করা নিয়ে বলেন, প্রত্যেকের নিজের সিদ্ধান্তের স্বাধীনতা আছে। আমি রাজনীতি বুঝি না, তাই এ ময়দানে আসার প্রশ্নই নেই।
দেবের সিনেমায় সুযোগ হারানো নিয়ে ফারিণ বলেন, অনেক দিন পর্যন্ত ওরা আমার জন্য অপেক্ষা করেছিল। আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সময় মেলেনি। সম্প্রতি ‘স্বার্থপর’ ছবির প্রিমিয়ারে দেবের সঙ্গে দেখা হয়েছে। উনি বললেন, “যাক, অবশেষে দেখা হলো।”
অল্প বয়সে বিয়ে নিয়ে প্রশ্নে তিনি বলেন, এর মানে আমি ব্যতিক্রমী। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। কখন বিয়ে করব, সেটি আমার সিদ্ধান্ত। বরং বিয়ের পর আমার কাজ বেড়েছে। এখন নায়িকার বিয়ে নিয়ে কেউ মাথা ঘামায় না।
বিয়ের পর অভিনয় ছাড়ার ইচ্ছা প্রসঙ্গে তাসনিয়া বলেন, বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। স্বামীর গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলাম— স্বামীর আগে কিছুই না, কিন্তু কাজ ছাড়ার কথা কখনও বলিনি।
তাহসান খানের সঙ্গে নাম জড়ানো প্রসঙ্গে তিনি বলেন, এটি পুরোপুরি ভুল। আমার প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করার পর অনেকেই বিভ্রান্ত হয়েছিল। তাই সম্পর্ক প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছিলাম।
দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত আলাদা দেশ হলেও মানসিকভাবে আমরা আলাদা নই। মুক্তিযুদ্ধ আমার গর্ব, সেটিই আমাদের ইতিহাস ও ঐতিহ্য। তিনি বলেন, সুস্থ চিন্তা ও পারস্পরিক সম্মানের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে আদান-প্রদান সম্ভব।
খবরওয়ালা/টিএসএন