খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর কাপালীর মোড়ে এ ঘটনাটি ঘটে।
নিহত ওই স্কুলছাত্র নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদের ছেলে হাবিবুর রহমান হাবিব (৯)। সে নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পোরশা থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) শাহ আলম বলেন, ওই স্কুলছাত্র দুপুরে টিফিন খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিল। এ সময় স্থানীয় একটি ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। এবিষয়ে মামলা দায়ের হলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।