রাজস্থানে বেড়াতে গিয়ে হোটেলে খেয়ে বিল না দিয়ে পালানোর চেষ্টা করছিলেন গুজরাটের পাঁচ পর্যটক। কিন্তু কপাল মন্দ, যানজটে আটকে শেষ পর্যন্ত সবাইকে গ্রেফতার করা হয়।
পর্যটকরা, যাদের মধ্যে একজন নারীও ছিলেন, সিয়াভার হ্যাপি ডে হোটেলে ঢুকে নানা ধরনের খাবার অর্ডার করেন এবং তৃপ্ত মনে খাবার শেষ করেন। কিন্তু বিল আসার সময় ১০,৯০০ রুপি পরিশোধ না করেই তারা চুপিসারে বেরিয়ে পড়েন।
তাদের পরিকল্পনা ছিল পুরনো ধাঁচের – ‘ওয়াশরুমে যাচ্ছি’ বলে একে একে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান। এরপর তারা গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন।
তবে হোটেলের মালিক ও একজন ওয়েটার দ্রুত বিষয়টি টের পান এবং তাড়া শুরু করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়িটি রাজস্থান-গুজরাট সীমান্তের দিকে রওয়ানা দিয়েছে।
মাউন্ট আবু থেকে অম্বাজির পথে যানজটে পড়লে হোটেল মালিক পুলিশের সহায়তায় গাড়িটি আটকান। পুলিশ ঘটনাস্থলেই পাঁচজনকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত পর্যটকরা একজন বন্ধুকে ফোন করে অনলাইনে টাকা পাঠিয়ে বিল মেটান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।


