ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোলপ্লাজা এলাকায় চলন্ত একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
বরিশাল থেকে খুলনাগামী বাসটি টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনের দিক থেকে ধোঁয়া দেখা যায়। যাত্রীরা চিৎকার শুরু করলে চালক দ্রুত গাড়ি থামান। মুহূর্তের মধ্যেই বাসের পেছনের অংশে আগুন ছড়িয়ে পড়ে।
বাসের চালক মো. শাহজালাল জানান,
“যাত্রীরা ধোঁয়া দেখে চিৎকার করলে আমি গাড়ি থামাই। তখন দেখি আগুনের কুণ্ডলী উঠছে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে নামতে পেরেছেন।”
উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো প্রাণহানি না ঘটলেও বাসটির উপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান এবং উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা এক ঘণ্টা পর স্বাভাবিক হয়।



