ছেলের মৃত্যুশোকে রেললাইনে শুয়ে পড়লেন মা, ট্রেন থামালেন চালক

চুয়াডাঙ্গায় ছেলের আকস্মিক মৃত্যুশোক সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন এক বৃদ্ধা মা। তবে ট্রেন চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও স্থানীয়দের তৎপরতায় প্রাণে রক্ষা পান তিনি। বুধবার (২৯ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজরাহাটি এলাকার মৃত সালেহারের ছেলে ও স্কুল শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ওই দিন সকালে স্ট্রোক করে মারা যান। ছেলের হঠাৎ মৃত্যুতে মা ছকিনা খাতুন মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার উদ্দেশ্যে ছুটে যান চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরের কদমতলায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চালক দেখতে পান এক নারী রেললাইনের ওপর মাথা দিয়ে শুয়ে আছেন। তিনি দ্রুত ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। পরে স্থানীয়রা দৌড়ে গিয়ে ওই নারীকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে আনেন।

প্রাণে বেঁচে যাওয়া বৃদ্ধা ছকিনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে আজ সকালে স্টোক করে মারা গেছে। আমার এই পৃথিবীতে থাকার আর দরকার নেই। অনেক কষ্টের বিনিময়ে আমার ছেলেকে মানুষ করেছিলাম। ছেলেকে হারানোর শোকে আমি রেললাইনে মাথা দিয়েছিলাম। তখন জনগণ এসে আমাকে টেনে ধরে নিয়ে আসে।’

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ কুমার বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের তৎপরতা ও ট্রেন চালকের দক্ষতায় ওই বৃদ্ধা প্রাণে রক্ষা পান। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তাঁর ছেলে স্টোক করে মারা গেছেন। সেই শোকে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।