ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি গত শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে উপহার হিসেবে একটি নৌকা দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, কারণ নৌকা আওয়ামী লীগের প্রতীকও। এই উপহারের কারণে উপদেষ্টার মধ্যেও দ্বিধা দেখা দিয়েছে।
নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আলজেরিয়ার জাতীয় দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার সময় তাকে পালতোলা মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত তিনি তা গ্রহণ করেছেন এবং উপহারে দূতাবাসের নাম লেখা রয়েছে।
ফাওজুল কবির পোস্টে উল্লেখ করেছেন, তিনি এখন তিনটি বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিতে চান—
১. উপহারটি আলজেরিয়ার দূতাবাসে ফেরত পাঠানো, যা অসৌজন্যমূলক মনে হতে পারে;
২. সরকারি তোশাখানায় জমা দেওয়া, যদিও এটি খুব মূল্যবান নয়;
৩. নিজের কাছে রেখে দেওয়া।
তিনি পাঠকের পরামর্শ পেলে উপকৃত হবেন বলে উল্লেখ করেছেন।
শনিবার (১ নভেম্বর) ঢাকায় আলজেরিয়া দূতাবাসে আয়োজিত বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাওজুল কবির খান। অনুষ্ঠানে রাষ্ট্রদূত সালদানি তাকে পালতোলা মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার দেন, যা পরে সামাজিক ও অনলাইন মাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।
উপদেষ্টার পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন, জাতীয় দিবসে উপহারটি তাকে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব হিসেবে নয়, বরং জাতির মাঝি হিসেবে দেওয়া হয়েছে। নৌকাকে মানুষের প্রয়োজনীয় একটি জিনিস হিসেবে বিবেচনা করা যেতে পারে এবং এটি সরকারের ঐতিহ্য হিসেবেও গ্রহণযোগ্য। অনেকে উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন, উপহারটি সরকারি তোষাখানায় জমা দেওয়াই ভালো।
খবরওয়ালা/টিএসএন



