খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
কক্সবাজারের টেকনাফের গভীর পাহাড়ি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় দু’জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটক পাচারকারীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গভীর পাহাড়ি এলাকায় নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে আটক রাখা হয়েছিল।
এই তথ্যের ভিত্তিতে সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী উক্ত এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং দু’জন মানবপাচারকারীকে আটক করা হয়।
উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। তারা বন্দিদের নির্যাতন করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার ব্যক্তিদের ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
খবরওয়ালা/টিএসএন