খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও হ্রাস পেয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) মার্কিন ডলারের শক্তিশালী ধারা থেমে যাওয়া এবং ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার আরও কমার সম্ভাবনা কমায় মূল্যবান এই ধাতুর দাম আবারও আউন্সপ্রতি ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ৩টার দিকে স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে আউন্সপ্রতি ৩ হাজার ৯৯৩.১৯ ডলারে নেমে আসে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারও ০.৩ শতাংশ হ্রাস পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩.৪০ ডলারে অবস্থান করছে।
সুইসকোট ব্যাংকের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, “স্বর্ণ এখন ৪ হাজার ডলারের কাছাকাছি স্থিতিশীল। পরবর্তী কয়েক সপ্তাহে দাম বাড়বে নাকি আরও কমবে, সেটাই দেখার বিষয়।” তিনি আরও জানান, মার্কিন ডলারের কিছুটা শক্তিশালী হওয়া এবং সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়ায় স্বর্ণের দামে চাপ পড়ছে। এছাড়া বন্ডের ফলন বেড়ে যাওয়া দাম কমার আরেকটি কারণ।
মার্কিন ডলার সূচক তিন মাসের সর্বোচ্চ স্পর্শ করার পর সামান্য দুর্বল হয়েছে, যার ফলে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলকভাবে সস্তা হয়ে গেছে। অন্যদিকে ১০ বছরের মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন সোমবারের সর্বোচ্চ স্তর থেকে কিছুটা নেমে এসেছে।
সম্প্রতি ফেডারেল রিজার্ভ চলতি বছরের দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও, চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, এ বছর আরও একটি সুদহ্রাস আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে বাজারে ধারণা করা হচ্ছে, ডিসেম্বরে ফেড আরও একবার সুদের হার কমাতে পারে সম্ভাবনা ৬৫ শতাংশ, যা আগে ছিল ৯০ শতাংশের বেশি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ডলারের মান তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার আরও কমার সম্ভাবনা হ্রাস পাওয়া এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় স্বর্ণের চাহিদা কমেছে।
সাধারণত, সুদবিহীন স্বর্ণের দাম নিম্ন সুদের হার এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বৃদ্ধি পায়। তাই বিনিয়োগকারীদের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের ADP কর্মসংস্থান প্রতিবেদন, সরবরাহ ব্যবস্থাপনা সূচক (ISM) ও ক্রয় ব্যবস্থাপনা সূচক-সংক্রান্ত নতুন তথ্যের দিকে, যা ফেডের ভবিষ্যৎ নীতিমালা সম্পর্কে দিকনির্দেশনা দিতে পারে।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৩ শতাংশ বেড়েছে, তবে ২০ অক্টোবরের রেকর্ড উচ্চতার তুলনায় এটি ইতোমধ্যেই প্রায় ৮ শতাংশ কমেছে।