আইনশৃঙ্খলার দায়িত্ব থেকে সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, সেনাবাহিনীর সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের সুযোগ দিতে আপাতত অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে। আগামী বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে তাঁদের আবার মাঠে পাঠানো হবে এবং বাকি সদস্যদের তখন সরিয়ে নেওয়া হবে। বৈঠকে উপস্থিত সরকারের দুইজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি সূত্র জানিয়েছে, সেনাসদস্যদের সরিয়ে নেওয়ার আরেকটি উদ্দেশ্য হলো তাঁদের প্রত্যাহারের পর মাঠপর্যায়ে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকে, সেটি পর্যবেক্ষণ করা। দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীকে মাঠে রাখার ফলে নানা জটিলতা তৈরি হচ্ছে। যদিও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাঠে সেনাবাহিনী মোতায়েন থাকবে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।