খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
রাজধানীতে প্রতিদিন সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে সড়কজুড়ে সৃষ্টি হয় যানজট ও স্থবিরতা। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়াই ভালো।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। দিনের শুরুতেই সেগুলো জেনে নিন—
বিএনপি সকাল সাড়ে ১০টায় বনানীর হোটেল শেরাটনে ‘তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনাসভা আয়োজন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিকেল ৩টায় ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হকের সমর্থনে একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি পল্লবী ১২ নম্বরের বিআরটিসি বাস ডিপো (আবেশ হোটেল) থেকে শুরু হয়ে ১০ নম্বর পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ৬ নম্বর বাজার, চলন্তিকা মোড়, আরামবাগ ও আবাসিক মোড় হয়ে রূপনগর টিনশেডে গিয়ে ঘরোয়া মোড়ে শেষ হবে।
বিকেল ৪টায় ঢাকা-১০ আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করতে আইনজীবীদের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হবে। এই কর্মসূচি এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল থেকে শুরু হয়ে সিটি কলেজের সামনে গিয়ে শেষ হবে। নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
এছাড়া সন্ধ্যা ৬টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে এ্যাব’র আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আট দলীয় জোট জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত, সংশোধিত আরপিও অক্ষুণ্ন রাখা এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে। স্মারকলিপি প্রদানের আগে পল্টন মোড়ে এক জমায়েত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সার্কেলের উদ্যোগে আগামী ৬ থেকে ৯ নভেম্বর টিএসসির পায়রা চত্বরে শুরু হচ্ছে শীতকালীন বইমেলা ২০২৫। সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন ঢাবির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
ডা. জাকির নায়েকের দেশে আগমন নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে বিকেল ৩টায় হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করবে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করবে। সেখানে নির্বাচন কমিশনের ঘোষিত জকসুর তফসিল নিয়ে তাদের অবস্থান জানানো হবে।
এনসিপি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, প্রশাসনিক কার্যক্রম, প্রচারণা ও মনিটরিংয়ের উদ্দেশ্যে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি বিকেল ৫টায় বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ডা. তাসনিম জারা।
খবরওয়ালা/টিএসএন