খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫
ঢালিউডের মেগাস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর শুটিং নিয়ে ইতিমধ্যে ভক্তদের আগ্রহ তুঙ্গে। ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় চিত্রগ্রাহক অমিত রায়, যিনি সম্প্রতি আলোচিত হিন্দি ছবি ‘অ্যানিম্যাল’-এর কাজও করেছেন। এবার আরও একটি চমক—‘প্রিন্স’ টিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন।
পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের পাশাপাশি বাংলাদেশ ও কলকাতার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করবেন। সম্প্রতি ছবির মূল টিম বলিউডে গিয়েছিল, সেখানেই তাদের সৌজন্য সাক্ষাৎ হয় অমিতাভ বচ্চনের সঙ্গে।
পরিচালক জানান, ‘অমিত রায় স্যারের সূত্রে অমিতাভ বচ্চনের সঙ্গে আমাদের পরিচয় হয়। তিনি তখন একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন। আমরা সুযোগ পেয়ে দেখা করি, কথা হয় সিনেমা, ক্যামেরা ও বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে।’
অমিতাভ বচ্চন শাকিব খানের কাজ দেখেছেন বলেও জানান পরিচালক। তিনি বলেন, ‘স্যার শাকিবের কাজ নিয়ে বেশ উৎসাহী ছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের অগ্রগতি নিয়েও জানতে চেয়েছেন তিনি।’
যদিও ‘প্রিন্স’-এ অমিতাভ বচ্চন কাজ করছেন না, তবে পরিচালক ইঙ্গিত দিয়েছেন আরও এক বলিউড তারকা জ্যাকি শ্রফ-এর সঙ্গে যোগাযোগ চলছে।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকছেন—দুইজন পরিচিত মুখ এবং একজন নতুন মুখ, যাদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।
চলচ্চিত্রটি আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।