খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামে বাড়ির সামনের পুকুরে ডুবে আড়াই বছর বয়সী ইমরান মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইমরান মিয়া মৃত জুয়েল মিয়া ও আলেহা আক্তারের ছেলে।
এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
ওসি জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় শিশুটি সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজিতে শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।