খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় বিএনপির সমর্থিত দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের নাম রায়হান খান (২২)। তিনি চরডুমুরিয়া খানবাড়ির রুস্তম খানের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, রায়হান সোমবার সকালে অটো চালাতে বাড়ি থেকে বের হওয়ার সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হন।
স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে একই এলাকার সাবেক ইউনিয়ন বিএনপি সহসভাপতি আওলাদ হোসেন ও আরিফ মীরের নেতৃত্বাধীন গ্রুপের বিরোধ চলছিল।
এই বিরোধের জেরে সোমবার সকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর নিহত হন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে রায়হান মঙ্গলবার মারা যান এবং অপর গুলিবিদ্ধ ব্যক্তি ইমরান আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মারা গেছেন, আমরা খবর পেয়েছি।” তিনি আরও বলেন, “এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। তবে আমরা দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে মুন্সীগঞ্জ আদালতে পাঠিয়েছি।”