২০২৬ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামবেন রোনালদো, জানালেন ফুটবল ছাড়ার সময়ও

২০২৬ সালের বিশ্বকাপই হবে ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল জীবনের শেষ বিশ্বকাপ—নিজেই জানিয়ে দিলেন পর্তুগিজ মহাতারকা। আগামী বছর বয়স হবে তাঁর ৪১, আর সেই বয়সেই রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামছেন তিনি।

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে সৌদি আরবে অনুষ্ঠিত ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে রোনালদো বলেন,
“অবশ্যই এটি হবে আমার শেষ বিশ্বকাপ। কারণ তখন আমার বয়স হবে ৪১ বছর।”

এর আগে বেশ কয়েকটি সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন যে ফুটবল ছাড়ার সময় ঘনিয়ে এসেছে। এবার তিনি আরও স্পষ্টভাবে বলেন,
“যখন বলেছি ‘শিগগির’, তখন আমি এক বা দুই বছরের সময়ের কথাই বলেছি।”

২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। সেই টুর্নামেন্টে খেলতে শেষ দুই ম্যাচে পর্তুগালের প্রয়োজন মাত্র দুই পয়েন্ট—আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে তা নিশ্চিত করতে পারবেন বলে আশাবাদী রোনালদো।

বাছাইপর্বে এখন পর্যন্ত চার ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি। জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪৩—পুরুষ ফুটবলে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

বিদায়ের ঘোষণা দিলেও রোনালদো জানালেন, তিনি এখনো খেলাটা উপভোগ করছেন:
“এই মুহূর্তে নিজেকে চমৎকার লাগছে। গোল করছি, এখনো দ্রুত ও সক্রিয় বোধ করি। জাতীয় দলে খেলা এখনও আনন্দ দেয়।”

ক্যারিয়ারের শেষ নিয়ে রোনালদোর ভাবনা স্পষ্ট:
“সত্যি বলতে, ‘শিগগির’ বলতে আমি এক থেকে দুই বছরের কথাই বলেছি। ফুটবলে আমি সব কিছু দিয়েছি। ২৫ বছর ধরে খেলছি, যা চেয়েছি তার সবই পেয়েছি। অনেক রেকর্ড রয়েছে আমার—যেগুলো আমাকে গর্বিত করে। এখন শুধু চাই এই শেষ সময়টুকু উপভোগ করতে।”

উল্লেখ্য, রোনালদো ও তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি—দুজনেই খেলতে যাচ্ছেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।