সন্দেহ হলে আমিনবাজারে যাত্রীদের ব্যাগ ও মুঠোফোন তল্লাশি

আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় আওয়ামী লীগের ডাকা “লকডাউন” কর্মসূচি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মসূচি উপলক্ষে সাভারে ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহ হলে যাত্রীদের মুঠোফোন ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম প্রথম আলোকে জানান, নিষিদ্ধ রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন কর্মসূচি দিয়েছে, তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাভারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তল্লাশি চৌকি ও টহল বৃদ্ধি করা হয়েছে এবং সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ১০টিরও বেশি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে।

বুধবার সকাল থেকে ঢাকার প্রবেশপথ আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করছে ঢাকা জেলা পুলিশ। বিকেলের দিকে তল্লাশি আরও জোরদার করা হয়। ঢাকামুখী বাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হচ্ছে। তল্লাশি চলাকালে সন্দেহজনক মনে হলে যাত্রীদের বিভিন্ন প্রশ্ন করছেন পুলিশ সদস্যরা। এছাড়া, সন্দেহজনক ব্যক্তিদের ব্যাগ ও মুঠোফোনও চেক করা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া উপস্থিত তল্লাশি চৌকিতে বলেন, “জনগণের জানমাল রক্ষায় আমরা কাজ করছি। কেউ যেন অনাকাঙ্ক্ষিতভাবে নাশকতা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে তল্লাশি জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মোবাইল ও ব্যাগ চেক করে আমরা দেখার চেষ্টা করি, নাশকতার কোনো উপকরণ তাদের কাছে আছে কি না।”

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।