গোপালগঞ্জে গণপূর্ত বিভাগের অফিস ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আগুন ধরে পুড়ে যায় গণপূর্ত বিভাগের একটি পিক-আপ ভ্যান।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও একটি পিক-আপ ভ্যানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পিক-আপ ভ্যানে আগুন লাগে। অফিসের গার্ড আশপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পুলিশ জানায়, কালো রঙের একটি মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ৫/৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করে, যার মধ্যে ১টি বিস্ফোরিত হয়। তবে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
খবরওয়ালা/টিএসএন



