সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে ঘটনাটি নিশ্চিত করেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম। এর আগে ভোর ৫টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার সামনে এ অগ্নিসংযোগ ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি এসে পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, স্থানীয়দের খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছায়। তবে স্থানীয়রা আগেই আগুন নিয়ন্ত্রণে আনায় একটি ইউনিট আগুন নেভানোর কাজে সহায়তা করে।
তিনি জানান, আগুনে পিকআপ ভ্যানটির ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে দুই মোটরসাইকেলযোগে চারজন দুর্বৃত্ত আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত অবস্থায় বের হয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
খবরওয়ালা/টিএসএন



