খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
ঢাকার সাভারে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে পরপর আরেকটি বাসে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড় করিয়ে রাখা ‘ইতিহাস’ পরিবহনের একটি বাস হঠাৎ আগুনে পুড়ে যায়। আগুনের তাপে বাসের ভেতরের সব আসন, ডেকোরেশন ও অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, রাতের শিফট শেষে চালক ও সহকারী বাসটি স্ট্যান্ডে রেখে তালা লাগিয়ে বাড়ি চলে যান। পরে রাত প্রায় তিনটার দিকে স্থানীয়রা বাসে আগুন দেখতে পেয়ে খবর দেন। খবর পেয়ে চালক ও সহকারী ছুটে এসে বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে এবং তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি পুলিশকেও জানানো হয় এবং তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
বাসের মালিক মো. এনামুল হক ক্ষোভ ও অসহায়তা প্রকাশ করে বলেন, “ব্যাংক লোন করে বাসটি কিনেছি। এই বাসের আয়ের ওপরই আমার পুরো সংসার চলে। আগুনে সব পুড়ে গেল—এখন কীভাবে সংসার চালাব, কীভাবে লোন শোধ করব বুঝতে পারছি না। থানায় মামলা করব।” তাঁর দাবি, আগুনে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “খবর পাওয়ার পর খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুনের ভয়াবহতা বাড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাসের ভেতরের সব সিট পুরোপুরি পুড়ে গেছে।”
সাভার হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ জানান, রাত সাড়ে তিনটার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এই আগুন লাগিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
এর মাত্র পাঁচ ঘণ্টা আগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের উলাইল এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের ইউটার্নে শ্রমিক পরিবহনের আরেকটি বাসেও আগুন লাগার ঘটনা ঘটে। দুই ঘটনার মিল থাকায় এলাকাবাসী ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে, যদিও পুলিশ এখনো কিছু নিশ্চিত করতে পারেনি।
ক্রমাগত দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে পরিবহন শ্রমিক ও মালিকদের মাঝে আতঙ্ক বাড়ছে, আর তদন্তে নামছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খবরওয়ালা/এসজে