কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ভারত

প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করেছে বাংলাদেশ। আগামীকাল থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পর্দা উঠছে বিশ্ব কাবাডির এই বৃহত্তম নারী আসরের। উদ্বোধনের আগের দিন আজ অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন অনুষ্ঠান ও দলগুলোর গ্রুপিং।

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশকে পড়তে হয়েছে একটি চ্যালেঞ্জিং গ্রুপে। বাংলাদেশ ছাড়া এ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, উগান্ডা, জার্মানি এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ভারত ২০১২ সালের প্রথম নারী কাবাডি বিশ্বকাপে ঘরের মাঠে শিরোপা জিতেছিল। অন্যদিকে ‘বি’ গ্রুপে রাখা হয়েছে ইরান, চাইনিজ তাইপে, পোল্যান্ড, নেপাল, জাঞ্জিবার ও কেনিয়াকে।

২০১২ সালের প্রথম আসরে ১৬ দলের মধ্যে বাংলাদেশ পঞ্চম হয়েছিল। এবার ঘরের মাঠে খেলতে নামায় প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। তবে বাংলাদেশের অধিনায়ক রূপালী আক্তার দলের ওপর অযথা চাপ দিতে চান না। তিনি জানান, “আমরা প্রথম বিশ্বকাপে পঞ্চম হয়েছিলাম। এবার সেই অবস্থান উন্নত করতে চাই। শিরোপা ভাবনায় নেই, কিন্তু ফল আরও ভালো করতে চাই।”

রূপালী এ টুর্নামেন্টের পরই অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাই জাতীয় দলের হয়ে শেষ টুর্নামেন্টেই অধিনায়কের দায়িত্ব পাওয়ায় তিনি গর্বিত। তার ভাষায়, “২০০৯ সাল থেকে কাবাডি খেলছি। কখনো অধিনায়ক হইনি। বিশ্বকাপের মতো আসরে বিদায়ে অধিনায়ক হওয়া সত্যিই বিশেষ অনুভূতি।”

আজ বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারি বাসভবন যমুনায় ১১ অধিনায়কের সঙ্গে ট্রফি উন্মোচন করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি বাহারুল আলম এবং সাধারণ সম্পাদক এস.এম. নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।