খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
কুমিল্লার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মাদক ব্যবসা ও জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে মা ও ছোট ছেলে নিহত হয়েছেন। ঘটনা সোমবার (১৭ নভেম্বর) সকালে ঘটে।
নিহতরা হলেন— বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) এবং তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর ঘাতক বড় ভাই বিল্লাল হোসেন পলাতক রয়েছে। পুলিশ তার স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ জানায়, বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। সকালে বিল্লাল মাদক নিয়ে বাড়িতে ঢুকতে চাইলে ছোট ভাই কামাল তাকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মা রাহেলা বেগম বাধা দিতে গেলে তাকেও একই ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই কামাল মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে রাহেলা বেগমের মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, বিল্লালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক ব্যবসার বিরোধের পাশাপাশি পরিবারের মধ্যে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদও ছিল।
খবরওয়ালা/টিএসএন