ধানমন্ডি ৩২ থেকে খননযন্ত্র অপসারণ, নিরাপত্তায় সেনা-পুলিশ-বিজিবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে আনা এক্সকাভেটর বা খননযন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে।

তবে বাড়িটির নিরাপত্তায় সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে এই পরিস্থিতি দেখা যায়।

গতকাল সোমবার জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিনে একদল বিক্ষোভকারী ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িটি ভাঙতে যান। তারা দুটি এক্সকাভেটর নিয়ে সেখানে পৌঁছান। তবে খননযন্ত্রগুলোকে বাড়ির কাছে যেতে দেওয়া হয়নি। সেনাবাহিনী ও পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। রাত ১০টার পর তারা এলাকা ত্যাগ করেন।

আজ সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে ব্যারিকেড বসিয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা পাহারা দিচ্ছেন। বাড়িটির সামনে সেনাবাহিনীর একাধিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ব্যারিকেডের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। এ সময় এক ব্যক্তিকে খেজুর বিতরণ করতেও দেখা যায়। খেজুর বিতরণকারীর ভাষ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ায় তিনি সন্তুষ্ট, তাই খেজুর বিতরণ করছেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গণমাধ্যমকে জানান, গত রাতে খননযন্ত্র দুটি সরিয়ে নেওয়া হয়েছে। বাড়ির নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে ফেলা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।