খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
সরকার সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে। এ কার্যক্রমের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চাল কেনা হবে।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৬ এর আওতায় এই ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরের এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে এই চাল ক্রয়ে ব্যয় হবে ২১৬ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৭৪৫ টাকা।
এর আগে, ১৮ নভেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে একই ধরনের প্রস্তাব অনুমোদন পায়। এছাড়া ২২ অক্টোবর কমিটির আরেক বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র এবং জি টু জি ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত ও মায়ানমার থেকে এক লাখ টন চাল কেনার অনুমতি দেওয়া হয়। এর মধ্যে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল অন্তর্ভুক্ত। এর মোট ব্যয় ধরা হয় ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।
খবরওয়ালা /এসএস